জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে- এমপি শান্ত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সিংগাইরে বিশাল সমাবেশ
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ উদযাপনের দিন নয়; এটি বিএনপির আদর্শ, সংগ্রাম ও জনগণের প্রতি দায়বদ্ধতার কথা নতুন করে স্মরণ করার দিন। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সিংগাইর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, বিএনপি নেতা আব্দুল গফুর, সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, বিএনপি নেতা আব্দুল মান্নান, আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রিপন আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখে চলেছে।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠান শেষে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা বিএনপির ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।