স্টাফ রিপোর্টার,সিংগাইর
বিএনপি জনগণের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে উল্লেখ করে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেছেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি শান্ত বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উদযাপনের দিন নয়; এটি দলের আদর্শ, দীর্ঘ সংগ্রাম এবং জনগণের প্রতি দায়বদ্ধতার কথা নতুন করে স্মরণ করার দিন। বিএনপির ইতিহাস মানুষের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস বলেও উল্লেখ করেন তিনি।
তিনি দলের নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের কল্যাণে কাজ করতে হবে।
সিংগাইর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, বিএনপি নেতা আব্দুল গফুর, সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, জেলা বিএনপি নেতা আব্দুল মান্নান, মোঃ আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রিপন আক্তারসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বৃষ্টিতে বিজেই খন্ড খন্ড মিছিল নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে সমাবেশস্থল উৎসবমুখর হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com