স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ -২ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তকে মন্ত্রিসভায় দেখতে চায় মানিকগঞ্জবাসী। নির্বাচনে বিজয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম, স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তাকে মন্ত্রী করার জোর দাবি উঠেছে। আগেও তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ক্লিন ইমেজের রাজনীতিক হিসেবে পরিচিত ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত দীর্ঘদিন ধরে উন্নয়নমুখী রাজনীতির সঙ্গে যুক্ত। সততা, নিষ্ঠা ও জনবান্ধব আচরণের কারণে ইতোমধ্যেই তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে মনে করছেন স্থানীয়রা।
তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যও বেশ সমৃদ্ধ। তার পিতা মরহুম সামসুল ইসলাম খান নয়া মিয়া দেশের শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দায়িত্বকালে তিনি গ্রাম পর্যায়ে বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণসহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগ স্থানীয় অর্থনীতি ও জীবনমান উন্নয়নে বড় অবদান রেখেছিল বলে প্রবীণরা স্মরণ করেন।
এছাড়া ঢাকার সঙ্গে মানিকগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তার ভূমিকা ছিল ঐতিহাসিক। সে সময় ঢাকার সাথে মানিকগঞ্জের যোগাযোগের একমাত্র সড়কে নিয়মিত বাস সার্ভিস চালু করে তিনি সাধারণ মানুষের হৃদয় জয় করেছিলেন। এই উদ্যোগের ফলে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের যাতায়াত সহজ ও স্বল্পব্যয়ে সম্ভব হয়, যা জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করে তোলে।
সচেতন মহলের মতে, পিতার উন্নয়নধারার উত্তরসূরি হিসেবে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তও আধুনিক ও টেকসই উন্নয়নের অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছেন। নির্বাচনী প্রচারণা চলাকালেও তিনি অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান।
জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি, তার মেধা, অভিজ্ঞতা ও ক্লিন ইমেজকে কাজে লাগিয়ে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে মানিকগঞ্জ জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে।
মানিকগঞ্জবাসীর প্রত্যাশা—দলের উচ্চপর্যায়ের নেতৃত্ব বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে এবং জেলার উন্নয়নের স্বার্থে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মো: শাহিনুল ইসলাম
অফিস : বাইতরা শিমুলতলা, কাজীবাড়ী, মানিকগঞ্জ সদর-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১২ ৭১৬ ৬৯৮, +৮৮০ ১৬৮৪ ৪৯১ ৩৯৬, ই-মেইল : sbnews24@gmail.com