
মানিকগঞ্জ প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজয়ের লক্ষ্যে শেষ মুহূর্তের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন বিএনপি’র প্রার্থী এস এ জিন্নাহ কবির। নির্বাচনী প্রচারণার শেষ প্রান্তে এসে দিন-রাত গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে অংশ নিয়ে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন তিনি।
নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারণা শেষ হওয়ার আগে এলাকাজুড়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটে চলছেন এস এ জিন্নাহ কবির। কখনো বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, কখনো শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ-দুর্দশার কথা শুনছেন তিনি। ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে দেশের চলমান সংকট, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরছেন।
গণসংযোগকালে এস এ জিন্নাহ কবির বলেন,
“এই নির্বাচন শুধু একটি আসনের লড়াই নয়, এটি গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের লড়াই। জনগণ যদি নির্ভয়ে ভোট দিতে পারে, তবে ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।”
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আইনের শাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
এদিকে তার প্রচারণায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশ নিচ্ছেন। মিছিল, লিফলেট বিতরণ ও সভা-সমাবেশের মাধ্যমে নির্বাচনী এলাকায় ভোটের আমেজ তৈরি হয়েছে।
স্থানীয় ভোটারদের অনেকেই জানান, পরিবর্তনের প্রত্যাশায় তারা বিএনপি প্রার্থীর দিকে তাকিয়ে আছেন। শেষ মুহূর্তের এই প্রচারণা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও।
