
সিআরপি মানিকগঞ্জ কেন্দ্রে বিশ্ব স্পাইনাল কর্ড ইনজুরি দিবস পালিত
এসসিআই মানেই জীবন শেষ নয়, নতুন করে জীবন শুরুর সুযোগ : মাছুদুল হক
মানিকগঞ্জ প্রতিনিধি:
“সচেতনতা থেকে কার্যকর পদক্ষেপ: এসসিআই প্রতিরোধে দশ বছরের অগ্রযাত্রা”—এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে বিশ্ব স্পাইনাল কর্ড ইনজুরি দিবস-২০২৬ পালিত হয়েছে।
এ উপলক্ষে সিআরপি মানিকগঞ্জ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিশু অপরাধ ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ও মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মাছুদুল হক। বিশেষ অতিথি ছিলেন গোল্ডেন সিটিজেন অর্গানাইজেশন টু ডেভেলপমেন্টের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন ও আমরা করব জয়ের সাংগঠনিক সম্পাদক মাহবুব ইবনে হেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরপি মানিকগঞ্জের অধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কেন্দ্র ব্যবস্থাপক মোহাম্মদ মাহবুবুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, “এসসিআই মানেই জীবন শেষ নয়; বরং এটি নতুন করে জীবন শুরু করার একটি সুযোগ।” তিনি স্পাইনাল কর্ড ইনজুরিতে আক্রান্ত ব্যক্তিদের অধিকার, পুনর্বাসন ও সমাজে মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বিশ্ব স্পাইনাল কর্ড ইনজুরি দিবসটি জাতীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বক্তারা বলেন, স্পাইনাল কর্ড ইনজুরিতে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। পরিবার, সমাজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে সিআরপি মানিকগঞ্জের পক্ষ থেকে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিসহ বিভিন্ন পুনর্বাসন সেবার কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি এসসিআই আক্রান্তদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের বিষয়টিও তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ মাহবুবুল ইসলাম হুইলচেয়ার ব্যবহারকারী প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসাধারণকে প্রবেশগম্য পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
