
সাভার প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং পুলিশ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকার সাভারের আমিনবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে মাদকবিরোধী কার্যক্রম জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাভার থানার মজলিশে শূরা সদস্য, প্রচার, মিডিয়া ও পেশাজীবী সেক্রেটারি ডা. রেজাউল করিম রেজা।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমিনবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ও আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুদ্দিন খান, আমিনবাজার ইউনিয়ন সেক্রেটারি হাসানুল বান্না সাকিব, ২ নম্বর ওয়ার্ডের সহসভাপতি হাজী দেলোয়ার হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মীরা।
বক্তারা বলেন, মাদকদ্রব্যের বিস্তার রোধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে পুলিশ হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
