
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ সদর উপজেলার কেওয়ারজানি এলাকায় এক ইজিবাইকচালককে রাস্তায় গতিরোধ করে মারধর ও গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার পাশাপাশি ইজিবাইক ভাঙচুরের অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় আহতের স্ত্রী বিলকিস আক্তার মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে কেওয়ারজানি গ্রামের আবুল হাসেমের বাড়ির গেটের সামনে ইটের সলিং রাস্তায় এ ঘটনা ঘটে। আহত ইজিবাইকচালক তোতা মিয়া (৪২) বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তার ইজিবাইকের গতিরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা লোহার রড, লোহার হাতুড়ি, বাঁশের লাঠিসহ বিভিন্ন অস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে তোতা মিয়ার ওপর হামলা চালায়। হামলায় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এবং ডান হাতে গুরুতর জখম হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় তোতা মিয়ার কাছ থেকে ২৭ হাজার টাকা, প্রায় ২৩ হাজার টাকা মূল্যের একটি টাচ মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়। এছাড়া তার ইজিবাইক ভাঙচুর করে প্রায় ৬৫ হাজার টাকার ক্ষতি করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় আহত তোতা মিয়ার স্ত্রী বিলকিস আক্তার বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য ও পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।
