
মানিকগঞ্জ প্রতিনিধি:
আর্থিক সংকটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক মেধাবী ছাত্রীর লেখাপড়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। বিষয়টি জানতে পেরে তার পাশে দাঁড়িয়েছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী আফরোজা খান রিতা। সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোনা গ্রামের বাসিন্দা যমুনা রানী দাসের মেধাবী মেয়ে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তার শিক্ষা ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীর সমস্যার কথা জানতে পেরে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন খাদ্যমন্ত্রী।
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিনের মাধ্যমে নিজ অর্থায়নে ওই শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শুধু লেখাপড়ার খরচে সহযোগিতা করেই থেমে থাকেননি খাদ্যমন্ত্রী; পরিবারের বসবাসের ঘরটি মেরামতেরও আশ্বাস দিয়েছেন তিনি।
খাদ্যমন্ত্রীর এমন উদ্যোগে শিক্ষার্থী ও তার পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একটি মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন অব্যাহত রাখতে সহযোগিতার এই উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা।
শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে এমন সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসনীয়। অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের পাশে সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিরা এগিয়ে এলে তাদের উচ্চশিক্ষার পথ আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে তার দুই মেয়েই বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে।
