মানিকগঞ্জ প্রতিনিধি:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা আগামীকাল মানিকগঞ্জে দিনব্যাপী গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তাঁর এই সফরকে ঘিরে জেলা প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও পেশাজীবী মহলে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সাংবাদিক ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময়
সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ সার্কিট হাউসে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন মন্ত্রী। এ সময় তিনি চলমান উন্নয়ন কার্যক্রম, পর্যটন খাতের সম্ভাবনা এবং জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
এরপর বেলা ১১টায় সিনিয়র আইনজীবী, সরকারি আইন কর্মকর্তা (জিপি ও পিপি) এবং জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সদস্যদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
প্রশাসনিক সভা
বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দফতরের প্রধানদের সঙ্গে প্রশাসনিক সভা অনুষ্ঠিত হবে। সভায় জেলার উন্নয়ন প্রকল্প, জনসেবা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রয়াত নেতাদের সমাধিতে শ্রদ্ধা
বেলা পৌনে ১২টায় মুন্নু সিটিতে প্রয়াত মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নু-এর সমাধিতে ফাতেহা পাঠ ও কবর জিয়ারত করবেন মন্ত্রী।
পরে বেলা সোয়া ১টায় ঘিওর উপজেলার পাচুরিয়া গ্রামে অবস্থিত প্রয়াত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন-এর সমাধিতে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করবেন।
নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে বেলা আড়াইটায় মুন্নু সিটিতে মন্ত্রী মহোদয়ের জনসংযোগ কার্যালয়ে জেলা বিএনপি, মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রী আফরোজা খানম রিতার এ সফর জেলার রাজনৈতিক ও প্রশাসনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে। স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এই সফরের মাধ্যমে জেলার উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *