মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ -১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী তোজাম্মেল হক তোজার সমর্থনে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় এ গণমিছিলের আয়োজন করা হয়।

গণমিছিলটি ঘিওর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তোজাম্মেল হক তোজার পক্ষে জনসমর্থন জানান। মিছিলটি এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

মিছিলে উপস্থিত ছিলেন তোজাম্মেল হক তোজার ঘনিষ্ঠ নেতাকর্মী, স্থানীয় বিএনপির একাংশের নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘদিন ধরে তোজাম্মেল হক তোজা এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তার সততা, সাহসী অবস্থান এবং জনগণের প্রতি দায়বদ্ধতার কারণেই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার পাশে দাঁড়িয়েছে।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তোজাম্মেল হক তোজা বলেন,“আমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, ঘিওরের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য নির্বাচন করছি। জনগণ যদি আমাকে সমর্থন দেয়, তাহলে আমি এলাকার উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আপসহীনভাবে কাজ করবো।”

তিনি আরও বলেন, ভোটের মাধ্যমে জনগণ তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত করবে এবং সকল ষড়যন্ত্রের জবাব ব্যালটের মাধ্যমেই দেওয়া হবে।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে শিবালয় , দৌলতপুর ও ঘিওর উপজেলায় তোজাম্মেল হক তোজার গণসংযোগ ও জনসমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *