মানিকগঞ্জ ,২৩ জুন
 দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় গঠিত বাগজান আদর্শ দুগ্ধ সমবায় সমিতি লিমিটেডের ৫০ জন সুবিধাভোগীর মাঝে ঋণের চেক বিতরণ করলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক (যুগ্ম সচিব)ড. মানোয়ার হোসেন মোল্ল।
 সোমবার (২৩ জুন) দুপুরে সদর উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ আয়োজন করা হয়।সুবিধাভোগী প্রত্যেককে ১ লাখ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
এসময় জেলা সমবায় কর্মকর্তা ফারহানা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতিকুল মামুন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল বাতেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব শাহানুর ইসলাম, মানিকগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম জাহান, উপজেলা সমবায় অফিসার রিনাৎ ফৌজিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, বাগজান আদর্শ দুগ্ধ সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে ৫০ জন সুবিধাভোগীর মাঝে যে ঋণের চেক বিতরণ করা হলো, তা শুধু আর্থিক সহায়তা নয় এটি হচ্ছে আত্মনির্ভরশীলতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গ্রামের মানুষ আর শহরে গিয়ে চাকরির জন্য হন্যে না হয়ে নিজ গ্রামে থেকে, নিজের খামারে গরু পালন করে, দুধ উৎপাদন করে স্বাবলম্বী হোক। সরকার শুধু ঋণ দিচ্ছে না এই খাতে প্রশিক্ষণ, পরামর্শ এবং বাজারজাতকরণেও সহায়তা করছে।
আমি বিশ্বাস করি, যারা আজ এই ঋণ পেয়েছেন, তাঁরা সৎভাবে ও নিষ্ঠার সঙ্গে এর সদ্ব্যবহার করবেন। তাঁদের এই উদ্যোগ ভবিষ্যতে আরও অনেকে অনুপ্রাণিত করবে।
এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন দুগ্ধ উৎপাদন বাড়বে, অন্যদিকে দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *