
নিজস্ব প্রতিনিধি, ৩১ অক্টোবর
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মানিকগঞ্জ -২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুর রহমান বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলাম বিজয়ী হতে পারলে মাদকমুক্ত ও আদর্শ ভিত্তিক রাষ্ট্র গঠন করা হবে।”
তিনি আজ শুক্রবার (৩১ অক্টোবর ) রাত সাড়ে ৭ টায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মানিকগঞ্জের বাঘিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জাহিদুর রহমান বলেন, দেশের তরুণ প্রজন্ম আজ মাদক ও নৈতিক অবক্ষয়ের শিকার। ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্বই পারে এ অবস্থা থেকে জাতিকে রক্ষা করতে। নৈতিকতা, দেশপ্রেম ও ইসলামি চেতনার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে একটি শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গঠন সম্ভব হবে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলাম কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শের আন্দোলন। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই এ দলের মূল লক্ষ্য। জনগণ যদি সুযোগ দেয়, তবে ইসলামী আদর্শের আলোকে একটি মাদকমুক্ত, সুশাসনভিত্তিক ও ন্যায়নিষ্ঠ রাষ্ট্র গড়ে তোলা হবে।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মোহাম্মদ জাব্বার মিয়া। এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের সদর উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার পলাশ, মোসলেম উদ্দিন মাস্টারসহ স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ।
এর আগে ভাড়ারিয়া ইউনিয়নের শানবান্ধা,খাবাশপুরসহ বেশ কয়েকটি পথসভায় অংশগ্রহণ করেন।
