মানিকগঞ্জ প্রতিনিধি:

দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি ও মাদকের অভিশাপ থেকে মানিকগঞ্জ–১ আসনকে মুক্ত করতে সম্মানিত ভোটারদের প্রতি জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আবু বকর সিদ্দিককে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় ডা. আবু বকর সিদ্দিক এই আহ্বান জানান। তিনি বলেন, বছরের পর বছর অনিয়ম, দুর্নীতি ও দুঃশাসনের কারণে মানিকগঞ্জ–১ আসনের সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। এই বাস্তবতার পরিবর্তনে প্রয়োজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব।

তিনি আরও বলেন, আদর্শবান ও দুর্নীতিমুক্ত রাজনীতির প্রতীক হিসেবে মানিকগঞ্জ–১ আসনের মানুষের আস্থার ঠিকানা হতে পারেন তিনি নিজেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।

বক্তব্যে ডা. আবু বকর সিদ্দিক বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে হলে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি নৈতিকতা ও জবাবদিহিমূলক নেতৃত্ব অপরিহার্য। তার নেতৃত্বে মানিকগঞ্জ–১ আসন একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী জনপদে পরিণত হবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ–১ আসনের ভোটারদের ঐক্যবদ্ধভাবে তাকে ভোট দিয়ে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান জামায়াতে ইসলামী মনোনীত এই প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *