
স্টাফ রিপোর্টার | ১ মার্চ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও সংসদ সদস্য আফরোজা খানম রিতা–এর মাতা হুরুন নাহার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১ মার্চ) ভোরে রাজধানীর Evercare Hospital Dhaka–এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে নিবিড় পর্যবেক্ষণে লাইফ সাপোর্টে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি ইন্তেকাল করেন।
মরহুমা হুরুন নাহার ছিলেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মরহুম হারুণার রশিদ খান মুন্নু–এর সহধর্মিণী।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার বাদ আসর মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড মুন্নু সিটিতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাঁকে তাঁর স্বামী মরহুম হারুণার রশিদ খান মুন্নুর কবরের পাশে দাফন করা হবে।
হুরুন নাহারের ইন্তেকালে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি এস এম সাইফুল্লাহ এবং সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম তারেক এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
