
স্টাফ রিপোর্টার,
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মো. শাহিনকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে যুবদলের সব পর্যায়ের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দখল, সন্ত্রাস, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী বিভিন্ন অনাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মো. শাহিনকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এর আগে সোমবার (২৪ আগস্ট) চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ তুলে শাহিনের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। হরিরামপুর উপজেলা চত্বর থেকে বের হওয়া ওই বিক্ষোভ মিছিলে কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।
মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু বলেন, ‘কারও ব্যক্তিগত দায় দল নেবে না। দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মো. শাহিনকে বহিষ্কার করা হয়েছে।’
