
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দায়ের কোপে এক ব্যক্তির বাম হাতের কব্জী কর্তনসহ দুই সহোদর গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর (ধাইরাপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—মৃত জোজার আলীর ছেলে সোরহাব হোসেন (৬৫) এবং তার ছোট ভাই শাজাহান (৫৫)। বর্তমানে তারা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ও এজাহার সূত্রে জানা যায়, সোরহাব হোসেনের সঙ্গে একই গ্রামের মোহাম্মদ আলী গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে সোরহাব হোসেন স্থানীয় এক বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা দা দিয়ে হামলা চালায়। এতে সোরহাব হোসেনের বাম হাতের কব্জী বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান হাতের আঙুলে গুরুতর জখম হয়।
এ সময় ছোট ভাই শাজাহান তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও দায়ের কোপে আহত করা হয়। তার বাম হাত ও ডান পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ রেফার করা হয়।
এ ঘটনায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চারজনকে অভিযুক্ত করে থানায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগীরা। অভিযুক্তরা হলেন—রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ আলী (৬০), আহাম্মদ (৬৫), আব্দুল জব্বার (৭৫) এবং পাশের চান্দহর ইউনিয়নের বাগুলী গ্রামের স্বপন (৬০)।
শনিবার সকালে অভিযুক্ত মোহাম্মদ আলীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি, ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে সিংগাইর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, “এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
