• ঢাকা: খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়িয়ে ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আনার অঙ্গীকার করেছেন নবনিযুক্ত খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
    রোববার (২৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
    খাদ্যমন্ত্রী বলেন, “আমরা সবাই মিলে খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আনতে চাই। জনগণের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহি, দক্ষতা ও সেবার মান আরও বাড়াতে হবে।”
    তিনি বলেন, সরকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে খাদ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি খাদ্য কর্মসূচিগুলো আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধবভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
    আফরোজা খানম আরও বলেন, খাদ্য মন্ত্রণালয়ের প্রতিটি কার্যক্রমে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সেবার মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।
    মতবিনিময় সভায় কর্মকর্তারা নবনিযুক্ত খাদ্যমন্ত্রীকে স্বাগত জানান। একই সঙ্গে মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
    সভায় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *