
মানিকগঞ্জ , ১ জুলাই:
জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা বলেছেন, “শিক্ষা বিস্তারের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবদানও গুরুত্বপূর্ণ।”
তিনি আজ মঙ্গলবার সদর উপজেলার দিঘী এলাকায় ব্র্যাকের প্রি-প্রাইমারি স্কুল পরিদর্শনকালে এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, “শিশুদের মেধাবিকরণে প্রাথমিক স্তর থেকেই মানসম্পন্ন শিক্ষা প্রদান জরুরি। এজন্য দক্ষ ও মনোযোগী শিক্ষকের বিকল্প নেই।”
এ সময় তিনি ব্র্যাক পরিচালিত প্রি-প্রাইমারি স্কুল, আয়েশা আবেদ ফাউন্ডেশন ও আঞ্চলিক অফিস পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল বাতেনসহ অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
